সর্বশেষ সংবাদ
ইডেন গার্ডেনে ঝলমলে আলোকসজ্জা, মহিলা বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে সম্মান জানাল CAB

ইডেন গার্ডেনে ঝলমলে আলোকসজ্জা, মহিলা বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে সম্মান জানাল CAB

ভারতের মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয় উদযাপনে ইডেন গার্ডেন সেজে উঠল রঙিন আলোয়। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এ ভারতের জয়কে স্মরণীয় করে রাখতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) আয়োজন করল এক বিশেষ আলোকসজ্জা অনুষ্ঠান।

ইডেনের সামনের দিকটি সাজানো হয়েছিল বিজয়ী ভারতীয় দলের ছবিতে, যা উজ্জ্বল নীল আলোয় আলোকিত হয়ে উঠেছিল। এই নীল আভা যেন গোটা শহরের গর্ব, আনন্দ আর অর্জনের প্রতীক হয়ে উঠেছিল। ক্রিকেটপ্রেমীদের ভিড়ে ইডেনের চারপাশে ছিল উৎসবের আমেজ।

সাবেক ভারতীয় ক্রিকেটার ও CAB সভাপতি সৌরভ গাঙ্গুলি এই উপলক্ষে বলেন, “বাংলার ক্রিকেটের ঘর হিসেবে আমরা টিম ইন্ডিয়ার এই সাফল্য উদযাপন করতে চেয়েছিলাম। বিশ বছর আগে মহিলা ক্রিকেটে পরিকাঠামোর ঘাটতি থাকলেও, আজ তারা নিজেদের যোগ্যতায় বিশ্বজয় করেছে। আমি যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম, তখন মহিলা ক্রিকেটের উন্নতির জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম। এই জয় শুধু শুরু, এখান থেকেই মহিলা ক্রিকেট আরও বড় হবে।”

CAB দীর্ঘদিন ধরে পুরুষ ও মহিলা, উভয় বিভাগেই ক্রিকেটের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বলা যেতে পারে, এই বিশেষ আলোকসজ্জা ছিল ভারতীয় মহিলা দলের সাফল্যকে সম্মান জানানো এবং আগামী প্রজন্মের নারী ক্রিকেটারদের আরও অনুপ্রেরণা দেওয়ার এক প্রতীকী উদ্যোগ।

সর্বোপরি বলা যায়, ইডেনের চারপাশের নীল আলোয় ফুটে উঠল দেশের গর্ব , “উইমেন ইন ব্লু”-এর বিশ্বজয়ের ধ্বনি।

                                                                                                                                                                              -অঙ্কিতা পাল

পরবর্তী খবর