সর্বশেষ সংবাদ
প্রয়াত অসিত বসুর স্ত্রী অভিনেত্রী ভদ্রা বসু! শোকের ছায়া নাট্যদুনিয়ায়

প্রয়াত অসিত বসুর স্ত্রী অভিনেত্রী ভদ্রা বসু! শোকের ছায়া নাট্যদুনিয়ায়

আজ বিনোদন জগৎ থেকে এসেছে এক গভীর দুঃখের খবর। এমন এক ব্যক্তিত্ব, যাঁর উপস্থিতি মঞ্চে-পর্দায় সব সময়ে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়েছে, সেই শিল্পীকে আর পাওয়া যাবে না। শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, আর সেই খবর ছড়িয়ে পড়তেই শোক ছায়া নেমে এসেছে পুরো বাংলা নাট্য-সিনে দুনিয়ায়।

প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব ভদ্রা বসু। বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, তিন দিন আগে হয় অপারেশন। শুক্রবার রাত প্রায় ১২টা নাগাদ শেষ হয়ে যায় লড়াই। মঞ্চ এবং পর্দা এই দুই ক্ষেত্রেই তাঁর অভিনয় সব সময় দর্শকদের মুগ্ধ করেছে।

 

আরও পড়ুন বিহারে '৩ লক্ষ অতিরিক্ত ভোট' এর রহস্য! গড়মিল নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তির পরিসংখ্যানে

 

ভদ্রা বসু ছিলেন প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা অসিত বসুর স্ত্রী। তাঁদের দুই কন্যা, দামিনী বেণী বসু ও আনন্দী বসু এঁরা দু’জনেই মঞ্চ ও পর্দার পরিচিত মুখ। দামিনী নিজের মায়ের সঙ্গে একটি ছোটবেলার ছবি শনিবার সকালে পোস্ট করে লিখেছেন, "চিরন্তন আনন্দ, মা"

অভিনেত্রী দামিনীর প্রাক্তন স্বামী সুদীপ মুখোপাধ্যায়ও শোক জানিয়েছেন। তিনি বলেন, “ওঁর মতো প্রাণচঞ্চল মানুষ খুব কম। নিজের মায়ের মতোই ছিলেন তিনি। ছোট ছোট বিষয়েও আমার সঙ্গে কথা বলতেন।” বিবাহবিচ্ছেদের পরেও ভদ্রার সঙ্গে সুদীপের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল। নিমতলা ঘাটে শেষকৃত্যে উপস্থিত ছিলেন তিনিও।

ভদ্রা বসুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সোহন বন্দ্যোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-সহ বহু অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব। কেউ বলেছেন, তিনি ছিলেন অসাধারণ পরিচালক, কেউ বলেছেন, তাঁর অভিনয় ছিল অত্যন্ত সংবেদনশীল। তিনি শাস্ত্রীয় সঙ্গীতেও ছিলেন দক্ষ। জনপ্রিয় নাটক পরিচালনার পাশাপাশি সিরিজ় এবং ছবিতেও অভিনয় করেছেন তিনি। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’, অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ এই সব ছিল তাঁর সাম্প্রতিক কাজ।

এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল ভদ্রা বসুর প্রয়াণে। তাঁর অভিনয়, তাঁর নির্দেশনা, তাঁর জীবনের উষ্ণতা সবই থেকে যাবে স্মৃতিতে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এমন বিশিষ্ট শিল্পীর অনুপস্থিতিতে বাংলা মঞ্চ ও পর্দার জগৎ তাঁর শূন্যতা কীভাবে পূরণ করবে?

                     -জ্যোতি সরকার

পরবর্তী খবর