আজকের আবহাওয়ার খবরে লুকিয়ে আছে এক অদ্ভুত পরিবর্তনের ইঙ্গিত। আগামী রবিবারের পর থেকে রাজ্যের তাপমাত্রায় কী এমন ঘটতে চলেছে, যা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই জায়গাতেই আলাদা ছাপ ফেলতে পারে? এই ধীর পরিবর্তনের আভাসই এখন সকলের নজর কেড়েছে।রবিবারের পর থেকে কী ঘটতে চলেছে? তাপমাত্রা কি বাড়বে, নাকি আবার নামবে?
রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ একটু বাড়তে শুরু করতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় উষ্ণ পুবালি হাওয়া বইতে পারে, যার জেরে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বেশ কিছু জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গের অবস্থাও আলাদা। সেখানে আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আগামী ছয় থেকে সাত দিন উত্তরবঙ্গের মানুষ শীতের হালকা আমেজ অনুভব করবেন। তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: খারিজ করা হল মুকুল রায়ের বিধায়ক পদ, হাইকোর্টে মামলায় জয়ী শুভেন্দু অধিকারী
এদিকে কলকাতার তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে নজরে পড়ছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ২.৯ ডিগ্রি সেলসিয়াস কম। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ওঠানামা করেছে অনেকটা। সর্বাধিক জলীয় বাষ্প ছিল ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ছিল ৪১ শতাংশ।
তাপমাত্রা কোথাও বাড়ছে, কোথাও আবার কমছে। রাজ্যের আবহাওয়া এখন এক অদ্ভুত দোলাচলের মধ্যে রয়েছে। আগামী কয়েক দিনে এই পরিবর্তন কি আসল শীতের ইঙ্গিত নিয়ে আসবে, নাকি আবারও উষ্ণতার ছোঁয়া ফিরে আসবে?তার উত্তর মিলবে আবহাওয়া দফতরের পরবর্তী আপডেটেই।
-জ্যোতি সরকার