রাতভর হালকা ঠান্ডা হাওয়ায় কেঁপে উঠেছে শহর।সকালের কুয়াশা যেন ঢেকে দিয়েছে কলকাতার রাস্তাঘাটকে। প্রশ্ন এখন একটাই, কেমন থাকবে শহরের আবহাওয়া আগামী দিনগুলোতে?
শহর কলকাতায় আপাতত বজায় থাকছে শীতের মনোরম আমেজ। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন নামতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। বুধবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একই ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৬ ডিগ্রি কম।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশ লক্ষণীয়, সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ। ফলে ভোরবেলা ও রাতে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডার ছোঁয়া, যা জানিয়ে দিচ্ছে , শীত এবার ধীরে ধীরে পা রাখছে মহানগরে।
আরও পড়ুন অফিস রোমান্সে ভারত বিশ্বে দ্বিতীয়! পুরুষদের আগ্রহ বেশি, সচেতন নারীরা
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে পারদ। ভোরের দিকে একাধিক জেলায় দেখা যেতে পারে ঘন কুয়াশা, তবে সূর্য উঠলেই ধীরে ধীরে দৃশ্যমানতা বাড়বে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও একই ছবি। সেখানে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা নামতে পারে স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে। চার থেকে পাঁচ দিনের মধ্যে তেমন কোনও বড় পরিবর্তন দেখা যাবে না আবহাওয়ায়।
তাই বলা যায়, রাজ্যজুড়ে এখন শীতের হালকা ছোঁয়া , যা দিন যত গড়াবে, ততই জমাট বাঁধবে। শহর থেকে গ্রাম সবাই যেন অপেক্ষায়, কবে আসবে সেই প্রকৃত শীতের সকাল, যখন ধোঁয়া উঠবে চায়ের কাপে, আর হাওয়ায় ভাসবে কুয়াশার পরশ।
-জ্যোতি সরকার