মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এবার জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিলিট প্রদান করল ।
বুধবার বিকেলে কলকাতার ভবানীপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
আরও পড়ুন চন্দ্রযান-৩ কেও ছাড়াল ফাইল বিক্রির অঙ্ক! সরকারি দফতর পরিষ্কারে কেন্দ্রের আয় রেকর্ড ৮০০ কোটি
ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, রাজনীতি ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। অনুষ্ঠানে মমতা জানান, গত ফেব্রুয়ারিতে জাপানের প্রতিনিধিরা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (বিজিবিএস) অংশ নিতে কলকাতায় এসেছিলেন। তখনই তাঁকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। যদিও এ বছর যাওয়া সম্ভব হয়নি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী বছর জাপান সফরের পরিকল্পনা রয়েছে তাঁর।
এর আগে মমতা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকেও সাম্মানিক ডিলিট পেয়েছেন। এছাড়া ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) তাঁকে প্রদান করেছে সাম্মানিক ডক্টরেট। এবার ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের এই সম্মান মুখ্যমন্ত্রীর প্রাপ্ত সম্মানের তালিকায় চতুর্থ সংযোজন বলা যেতে পারে।
-অঙ্কিতা পাল